শরীয়তপুরে প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাই, বিজিবি সদস্য কারাগারে
ডেক্স রিপোর্ট- ভোরের শরীয়তপুর
শরীয়তপুর সদর উপজেলার মধ্য চরসুন্দী গ্রামে প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন বিজিবি সদস্য সুলাইমান মুন্সী (৩৪)। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
রোববার (৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। সুলাইমান সদর উপজেলার কাশাভোগ গ্রামের বাসিন্দা এবং পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিজের বৈবাহিক পরিচয় গোপন রেখে শরীয়তপুর সরকারি কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে গোপনে তাদের একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করেন। সম্পর্ক ছিন্ন করার পরও বিয়ের দিন সকালবেলা ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেন এবং পাত্রপক্ষকে গোপন ছবি পাঠান।
বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়।
পালং মডেল থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সুলাইমানের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা নেওয়া হয়েছে। তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভুক্তভোগীর মা বলেন, “সুলাইমান আমার মেয়ের জীবন নষ্ট করেছে। আমি তার কঠিন শাস্তি চাই।”